তোমার জন্যেই তো আদিত্য,
শুধুমাত্র তোমারই জন্যে –
আমি পেরিয়ে যেতে পারি সহজেই,
দুর্গম গিরি মরু প্রান্তর!
সকল বন্ধন নিমেষেই বাষ্পীভূত করে,
তোমার জন্যেই তো আদিত্য,
আমি অবলীলায় বুক পেতে নিতে পারি –
ঝঞ্জাট মেঘের ঘনঘোর!
আর তাই, তোমাকে আসতেই হবে,
আসতেই হবে তোমাকে আদিত্য –
উত্তাল সমুদ্রের লোনা ফেনারাশি, আর
কণ্টকাকীর্ণ পথের জ্বালা মাড়িয়ে!
ঝড়ের তান্ডব লীলা পায়ে দলে –
আসবেই তুমি জানি,
আসবেই তুমি আদিত্য,
খেলাঘরের সমস্ত মোহ মায়া ছাড়িয়ে!
তোমাকে খুঁজে খুঁজে বিশ্বলোকে,
আমার ক্লান্ত চোখের ভাষা!
হৃৎপিণ্ডের ধুকপুকানি মাঝে,
দুর্বিনীত আমার অস্ফুট ভালোবাসা!
সেই তুমি, সেই তুমি যখন এলেই সম্মুখে,
আমার অস্তিত্ব মাঝেও –
আপন মহিমায় আসতেই হবে তোমাকে!
তুমি আসবেই আদিত্য, এ আমার আশা!
আমি নিশ্চিত জানি, তুমি আসবেই!

আমারই মাঝে তুমি সম্পূর্ণ বিলীন
প্রাণের শেকড়ে তুমি
এমন ভাবে জড়িয়ে গেছো যে,
তোমাকে আমার আর
মনে করতে হয় না!
আমারই মাঝে আজ তুমি
আমার সমগ্র অস্তিত্বের আভরণের,
অলংকরণ কেবল তুমিই!
তোমার স্পর্শ –
আমার আর খুঁজে নিতে হয় না!
আমার সর্বাঙ্গে এখন কেবল,
তোমারই স্পর্শের মায়া!
সর্বান্তকরণে আমি,
তোমাতেই সঁপে দিয়েছি অনুভব!
আমার অনুভূতির ছায়াতলে,
তুমিই বাজাও প্রাণ বীণা!
আদিত্য, এমনিভাবেও প্রেম,
প্রাপ্তির দ্যুতি ছড়াতে পারে!
এমন করেও দোলনচাঁপা,
সুঘ্রাণে অন্তর মাতাতে পারে!
এভাবেও জীবন,
সমস্ত চেতনা ছুঁয়ে যেতে পারে!
রঙের ছোঁয়া দিয়ে,
অন্তবিহীন হৃদয় রাঙাতে পারে!
অনন্তর তোমার অবস্থান আমাতেই!
মাটির ঘর ঠিকানা, প্রতীক্ষা তোমার জন্যেই তো আদিত্য
মাটির একটি শূণ্য ঘরে হবে ঠিকানা আমার,
হৃদ স্পন্দনে যখন টিকটিক ধ্বনি নেই আর!
একাকিনী সেই ঘরে জেগে রইবো উদাসিনী,
তোমারই প্রতীক্ষার মালা জপ করে দিবাযামী!
শূণ্য ঘরের উঠোন জুড়ে বুনবো মাধবীলতা,
তুমি এলে বসিয়ে সেখানে হবে তুমুল গল্পকথা!
চার দেয়ালের মাঝে থাকবে না কোন আড়াল,
তোমার-আমার প্রেমলীলায় কাটবে বাকী কাল!
আমার শূণ্য ঘরে চাবি দিয়ে দেহঘড়ির অবসানে,
অন্তরাত্মার মিলনে জীবনখেয়া ভাসবে উজানে!
মাটির ঘরের সর্বব্যাপী বইবে স্নিগ্ধ সুবাতাস,
কান্না হাসির সকল খেলা তখন, শুধুই ইতিহাস!
সেই ঘরেতে রইবো দু’জন অপার্থিবতার টানে,
করবো মনের চাষ হেসেখেলে অসীমের আহ্বানে !
মাটির ঘরের শূণ্যতার মাঝে পূর্ণতারই গানে,
প্রাণের শরণ স্বর্গ সুধাময় অনন্ত অসীমেরই পানে!
You may ready all the wonderful bengali poems of renowned poets clicking the link here https://www.bangla-kobita.com/
