“তোমারই খানিক স্পর্শ নিলাম!”

“তোমারই খানিক স্পর্শ নিলাম!”

তুমি বললে,

মনের জানালা খুলে দাও!

          সৌরভে আর সুবাসে –

                মনের বাগানে, 

সবুজ আর নীলের আবীর ছড়াও!

আমি মেলে দিলাম –

                আমার ক্লান্ত দু’টি ডানা!

দুর্নিবার স্রোতের কম্পন ছাড়িয়ে,

          উন্মত্ত ঝঞ্জার হুংকার মাড়িয়ে –

               মনের জানালা ধরে, 

সুবাসিত মৃদু বাতাসের তোড়ে আমি,

তোমারই খানিক স্পর্শ নিলাম!

তোমারই খানিক স্পর্শ নিলাম!

আমি মনে-প্রাণে পূর্ণতা পেলাম!

জগৎ সংসার এলোমেলো করে,

          মহাকালের ভীষণ গতির ঘোরে,

               রিক্ত আমার চেতনার বিকাশে –

তোমারই স্পর্শের খানিক আবেশে,

জীবন ভুলে আমি, জীবন সাজালাম!!!

তোমারই খানিক স্পর্শ নিলাম, প্রাণের শূণ্যতায়!

ভেবেছিলাম, 

          তোমার সাথেই বহুদূর পথ যাবো!

               পথের মায়ায়, পথের খেলায়,

                    শুধু তোমাতেই জড়িয়ে র’বো!

ভেবেছিলাম, গোধুলীর মায়ায় –

          তোমার চোখে চোখ রেখে,

               পার্থিবতার শৃঙ্খল মাঝেও, 

                   দীপ্তিময় আলো ছড়িয়ে দিবো!

রাত্রির নিশছিদ্র অন্ধকারে যখন –

               শুনশান নিস্তব্ধ চারিধার,

ভেবেছিলাম, 

          তোমারই আলিঙ্গনে –

               আমার সমস্ত প্রাণের শূণ্যতায়,

                    নিরংকুশ পূর্ণতা পাবো!

ভেবেছিলাম, 

          তোমারই ছায়াতলে আমি,

               ঝঞ্জাট মেঘের ঘনঘটায়, 

                    নিরাপদ আশ্রয়টুকু পাবো!

কোথায় হারিয়ে গেলে তুমি আজ, আদিত্য?

প্রেম, সে কি কেবলই স্পর্শের কাঙাল? 

প্রেম, সে কি কেবলই স্পর্শের কাঙাল? 

কষ্টের মালা গেথে পরিয়ে দিলে গলে!

অথচ, জানোই তো –

কী ভীষণ অনুরাগের ছোঁয়া ছিলো, 

সেই মালায় জড়ানো ফুলে!

ভালোবাসার দান ভেবে মনে ছিলো মায়া!

মায়ার জালে অবশেষে –

চূর্ণবিচূর্ণ হলো সবই,

তুমি আমায় যখন দিলে নিদারুণ অবহেলা!

প্রেম, সে কি কেবলই স্পর্শের কাঙাল? 

সে কি শুধু জাগতিক মোহ মায়াজালে –

জড়িয়ে থাকবার তরে, 

তোমাতে আমার আত্মসমর্পণের খেয়াল?

তোমাতে আমি দেখিনি কখনো দীর্ঘ ছায়াপথ! 

আমার সুদীর্ঘ বলয় রেখায়ও, 

তোমাকে কখনো আমি –

সুদৃঢ় বাসনায় জড়িয়ে রাখবার করিনি শপথ!

বুঝতে পারি না, আমাতেও কি ছিলো অপরাধ!

তা না হলে, নৈবেদ্যের মালাখানি,

কি কারণে কিংবা কিসের তাড়নায় –

অনুরাগ ভুলে নিমেষেই হলো অবহেলায় বরবাদ!

প্রেমের শিখা তবুও ঝলকায়!

এলোমেলো পৃথিবীর –

                  অগোছালো জীবন ধারা!

তারই মাঝে, তোমার-আমার,

               এক ফালি নির্জলা সংসার!

হাসি খেলা আর গানের অন্তরা ছুয়ে –

পেরিয়ে যাই নিমেষেই,

              খেলাঘরের বিস্তীর্ণ পারাবার!

এঁকে যাই হৃদয়ের পটে আকাশের নীল!

প্রেমের শিখা তবুও ঝলকায়!

ক্ষণে ক্ষণে চমকে উঠি, দেখি –

      রঙ্ধনুর সাত রঙের ঝিলিক বর্ণিল!

তুমি স্পর্শ দিয়ে যাও, আমি অশ্রু ঝরাই!

আবেগের উষ্ণতা মেখে,

  অনন্ত আকাশ নীলে আমি স্বর্গ সাজাই!

বিবাগী মন – কখনো বা উদাস,

কখনো আবার জীবন চাঞ্চল্যে রয় মেতে!

            পৃথিবীর বুকে অনিমেষ চেতনায় –

প্রেমের শিখা তবুও ঝলকায়, 

        চাঁদনী প্রহর আর সূর্যোদয়ের প্রাতে!

https://lucysjourney.com/a-journey-of-capturing-the-world/

You may read beautiful Bengali Poems of renowned Poets, Click the link https://kobita.banglakosh.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *