– এই শোনো! হ্যাঁ, তোমাকেই বলছি, মেয়ে!

– জ্বি, আমাকে?
– হ্যাঁ গো হ্যাঁ, তোমাকেই তো!
– জ্বি বলুন!
– তোমাকে নিয়ে সুরের নদী পাড়ি দিতে চাই। যাবে আমার সাথে?
– আমাকে নিয়ে? কিন্তু মাঝ দরিয়ায় যদি আসে জলোচ্ছ্বাস?
– কি যে বলো না তুমি! আমি আছি তো! তোমায় ভাসিয়ে নিতে পারবে না কিছুতেই, যদি আসেও রাহুর গ্রাস!
– যদি ভীষণ ঝড়ে আকাশ ভেঙে পড়ে, উথলায় নদীর একুল অকুল!!
– ভাবছো কেন মেয়ে? সমস্ত শক্তি দিয়ে বুকে তোমায় জড়িয়ে রাখবো আমি, হবে না কোন ভুল!
– নদীর বুক চিড়ে যদি উঠে আসে হিংস্র শ্বাপদ?
– বোকা মেয়ে! চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো আমি, তবুও তুমি রইবে নিরাপদ।
– যদি সময়ের তরী ভীষণ আক্রোশে দুলে উঠে অকস্মাৎ?
– তোমাকে চেয়েছি মনে-প্রাণে মেয়ে, সে কি আমার অপরাধ?
– মাঝ দরিয়ায় ছেড়ে যাবে না তো, যদি দুরাশার আধিতে গর্জে উঠে চরাচর?
– মেয়ে, তোমার মাঝেই জীবন পেতে চেয়েছি! সোনালী স্বপনে তুমিই তো আমায় জড়িয়ে রাখবে জীবনভর!
– প্রেমের নেশায় ডুবে থাকে ধরা, অস্থির প্রাণ নিয়ে নিরন্তর জলে ভাসি!
– তোমার জন্যেই খেলাঘরের মায়া, তোমাকেই ভালোবাসি।
তোমাকেই বলছি মেয়ে, এ যে নীলের মায়া!
প্রিয়ার আকাশ ছোঁয়া রঙ্ধনুর সাত রঙ –
কখন ক’বে যে নীলের আবীর পেলো,
জানতেই পারলো না প্রিয়া!
সাত রঙ হারিয়ে গেলো নীলের গহীনে,
হৃদয়ের কুহুকণ্ঠ তান সুরেলা নিবেদনে,
জড়িয়ে নিলো নীলের মায়া!
নীলের অন্তবিহীন দিগন্ত বিস্তৃত শূণ্যতায়,
প্রিয়ার চোখের ভাষা অগাধ ভালোবাসায়,
জাগিয়ে তুললো অফুরান তৃষা!
অস্তিত্বের প্রাণ ভোমরা আকুল আবেদনে,
প্রাণে প্রাণে দোলা দিয়ে নিঃসীম নিরজনে,
প্রেমানুরাগের নেশায় হারালো দিশা!
অনন্তের মায়াজালে এমনই তো প্রেম সুধা!
চোখের পলকে নির্ঝরের স্বপ্নের প্রাণ সাধা,
আর হৃদয় বীণার তারে ঝংকার!
অস্ফুট আলাপন, হৃদয়ে উচাটন কথামালা,
ঝলমলে তারার নুপুর, প্রণয়ের গাঁথা মালা,
প্রেম, সেই তো নাশে জীবন আঁধার!
বারবার ধরামাঝে ফিরে আসে প্রেম গাঁথা!
প্রিয়া’র উদাসী মনের ভাবনায় আসে নীল!
তেপান্তর পাড়ি দিয়ে উড়ে যায় শংখচিল!
নীলের দুর্বিনীত চোখে প্রিয়া’র হাসি খেলে!
এক ঝাক বুনো হাস জলের বুকে ডানা মেলে!
নীলাকাশ ছুয়ে থাকে অগণিত নক্ষত্রলোকে!
পৃথিবী ছড়ায় আলো, নীলের আবীর মেখে!
পূবাকাশের দিগন্তে জ্বলে উঠে পূর্ণিমার চাঁদ!
সৌন্দর্যের পশরায়, প্রিয়া বাড়িয়ে দেয় হাত!
নীলের প্রাণ-প্রদীপ জুড়ে রুদ্র প্রেমের নেশা!
সমুদ্রের উত্তাল জলের বুকেও তীব্র তিয়াসা!
চঞ্চলা মোহিনী প্রিয়া প্রেমময়ী হরিণীর মতো –
অবাক বিস্ময়ে ছড়িয়ে বেড়ায় প্রেম অবিরত!
প্রেমের বিনাশ নেই, কেবলই নবজন্মের বোধন!
নীল ও প্রিয়া তো শুধুই দু’টি নামের সংযোজন!
সৃষ্টির আকুলতা থেকেই প্রেমের নেশাচ্ছন্নতা!
বারবার ধরামাঝে তাই ফিরে আসে প্রেম গাঁথা!
You may read beautiful Bengali Poems by renowned Poets, click the link http://www.bangla-kobita.com
