“সময়ের ভাবনায়”

“সময়ের ভাবনায়”

সময়ের সাথে আপোষ করার প্রশ্ন আসেনি কখনো,

শুধু সময়ের তালে ভেসে গিয়েছি নিদারুণ বাস্তবতায়;

সময়কে বুকে জড়িয়ে থেকেছি আপন পিয়াসী মনে,

সময়কে এড়িয়ে গিয়েছি কেবলই সময়ের ভাবনায়!

আজকের এই ভীষণ অসহনীয় সময়ের খেলা মাঝে –

খুঁজে ফিরে প্রাণ-মন তোমাকেই, সময়ের দুরন্তপনায়!

সময়ের বন্ধনে জড়িয়ে তোমারই রঙের ছোঁয়া দিয়ে,

তোমারই মাঝে রাত্রিদিন মিশে থাকার অদম্য বাসনায়!

সময়কে ঘিরে সময়েরই মায়াজালে নিবদ্ধ এই প্রাণে –

সংস্পর্শ তোমারই পেয়েছি জন্ম লগ্নের সেই ক্ষণেও;

ফুরিয়ে এসেছে সময়ের ব্যবধান জীবন মাঝে যদিও,

তোমারই স্পর্শের দৃঢ়তায় – অকুতোভয় প্রাণ আজও!

সময়কে ঘিরেই পথচলা, তবুও এড়িয়ে যাই সময়কে,

সময়ের নিস্তব্ধতার মাঝে বিদীর্ণ প্রাণের কাতরতায়;

সময়ের বদান্যতায় বেঁচে আছি প্রাণের বোঝা বয়ে,

সময়ই আমাকে নিয়ে, সময়ের দুরন্ত পশরা সাজায়!

সময়ের ভাবনায়
একাকীত্বের নিস্প্রভ অনলে পুড়ে খাক তবুও জীবন!

“নিঃশব্দ অস্থিরতা – সময়ের ভাবনায়”

খেলাঘরে মেতে আছি তুমি-আমি,

দুর্ভাবনার দুঃসহ যন্ত্রণার ঘানি টানি!

কিছুতেই পারছি না এড়িয়ে যেতে;

অন্তর কাঁপে, দুরাশায় ছেয়ে যায় মেঘে!

হৃদয়ের বন্দী খাঁচায় তড়পাই ডানা ছিঁড়ে,

নিঃশব্দ অস্থিরতার তুমুল চিৎকারে!

ক্ষণে ক্ষণেই হারিয়ে জীবনের সাধনা,

অন্তর ভাসিয়ে নামে অবিরাম কান্না!

জীবন খেলায় জড়িয়ে রাত্রিদিন –

লুটাই ধূলায়, তবু্ও এই জীবন রঙিন!

সময় বয়ে যায় দুঃসহ যন্ত্রণার অনলে,

তবুও জীবনের তাগিদে জীবন চলে!

জলের অথৈ গভীরে গড়ি রঙিন প্রাসাদ,

ভুলিয়ে দিতে প্রাণের সমস্ত অবসাদ!

“অফুরন্ত রূপের অনিমেষ ক্লান্তি”

আনন্দ মনে জেগে উঠবো ভেবে,

চেয়েছিলাম রাতভর ঘুম!

ঘুম তো এলোই না আঁখি পাতে,

তারই মাঝে এলোমেলো ভাবনায়,

দুরাশায় ঢেকে থাকে রাত্রি নিঝুম!

শুধু ভাবনায়ও যদি হতো তার শেষ!

জীবনের পরতে পরতেও যেন,

অফুরন্ত রূপের অনিমেষ ক্লান্তিতে –

ছেয়ে যায় ক্লেশবোধ আর বিদ্বেষ!

রাত্রির আঁধারে ঘিরে থাকে কান্না,

দিনের আলোতে জীবনের বেদনা!

রাত্রি আর দিনের ভীষণ অগোচরে,

দুর্বোধ্য জীবন যেন আর পারে না!

নীলের আবীর ছড়ায় দুর্দান্ত আবেগে,

আঁধারেও থাকে তার বিমূর্ত পশরা;

জনমের শোধ নিতে জীবন উথলায়,

খুঁজে ফিরি পথ হয়ে তৃষিত দিশাহারা!

“নির্লিপ্ত অনুভব”

একাকিনী স্নিগ্ধার নিভু নিভু চোখের গহীনে,

একাকীত্বের নিস্প্রভ আলো খেলে সেখানে!

একাকী অন্ধকারে বসে থাকে স্নিগ্ধা!

হাউমাউ করে ভেঙে পড়ে কান্নায়, বিদগ্ধা!

আশেপাশে নেই কোনো মানুষ কিংবা স্বজন –

শুনতে পায় যে তার প্রাণের রোদন!

সমস্ত জমাট বাঁধা কষ্ট বুকের ভেতরে –

তড়পায় একেলা ক্ষণের একাকী প্রহরে;

কষ্ট গুলো তাই অনুভুতির নির্লিপ্ত আবীরে,

ঢেলে দেয় স্নিগ্ধা, সর্বস্ব উজাড় করে!

কষ্ট গুলো যেন দুর্বিনীত হাহাকার!

বুঝতে অপারগ স্নিগ্ধা, জীবনের গল্প তার!

নির্নিমেষ ভেসে চলা উত্তাল ঢেউয়ের দোলায়,

আর অপলক তাকিয়ে থাকা জীবন খেলায়!

কষ্ট গুলো বড্ড বেশী তাড়িয়ে ফিরে,

চেতনার মাঝে অগ্নিকাষ্ঠ, তার হৃদয় পুড়ে!

কান্নার জলে ডুবে থেকেও আকুলায়,

সময়ের ঘড়ি থেমে যায় জীবন খেলায়!

তবুও স্নিগ্ধা পথ চলার অদম্য নেশায় মাতাল,

থামতে জানে না সে, নিরবধি চলা তার চিরকাল!

“ফিরে যাওয়া”

সত্যি কি ফিরে যাবে তুমি?

সময়ের সুতো ছিঁড়েখুঁড়ে –

এসেছিলে যেখান থেকে,

সেখানেই বুঝি যেতে চাও ফিরে?

আমাকে নিবে তো সাথে করে?

তুমি জানোই তো সবটাই আমার!

হৃদয়ের পানশালায় আজ,

অস্থিরতার তীব্র অনলের শিখা;

ফিরে গেলেই বুঝি বা সেখানে,

উদ্ভাসিত হবে শান্তির প্রদীপ!

চলো দু’জনে মিলেই যাই ফিরে!

এই নশ্বর জীবনের খেলাঘরে,

প্রাণের বন্ধন আর কতটুকু র’বে!

এ জীবন নয় তো কিছুই, শুধু

ক্ষণিকের জালে জড়িয়ে থেকে,

তড়পানো জীবন জ্বালার রোষে!

তার চেয়ে সেই তো ভালো –

চলো দু’জনে মিলে,

ফিরে গিয়ে শাশ্বত সময়ের কোলে,

অবিনশ্বর একের ছায়াতলে,

রঙের ছোঁয়ায় তারই,

অনন্তের পথে ভাসাই – স্বপ্ন তরী!

“ব্যাকুলতা”

তুমি বললে, আমি সন্ধ্যাতারা তোমার আকাশে!

অথচ তাকিয়ে দেখলে না একটিবারও আমার পানে!

আমি সেই সন্ধ্যা থেকে সারা রাত নিভু নিভু জেগে,

তোমারই প্রতীক্ষায় কাটিয়ে দিলাম ভোর অবধি!

এলে না তো তুমি ভরিয়ে দিতে আমার চঞ্চলা আঁখি!

আমার মাঝে, বললে, খুঁজে পাও তুমি সমুদ্রের গভীরতা!

ডুব তো দিলে না তুমি একটিবারের তরেও সেথায়!

অথচ আমি উথলিয়ে উন্মত্তা জলরাশির উত্তাল ঢেউ,

বারবার ফিরে গিয়েছি বহুদূর দিগন্ত পাড়ে ছুটে!

এলে না যে তুমি রাঙিয়ে দিতে আমার হৃদয়ের শূণ্যতা!

বললে তুমি, গহীন অরণ্যের তারুণ্য আমার মনোভুমি!

দিলে না তো তুমি সাড়া আমার উদাত্ত আহ্বান শুনেও!

সবুজের আলিঙ্গনে আমি মাতিয়ে দিলাম লোকালয় –

পাখির রূপে আর ফুলের কণ্ঠের নেশায় জড়িয়ে আলয়!

তুমি তো এলে না জুড়িয়ে দিতে আমার ভীষণ মনোস্তাপ!

বিরহী আমার মনের গভীরে তোমারই রঙের আকুলতা,

একাকীত্বের নিস্প্রভ অনলে পুড়ে খাক তবুও জীবন!

রাত্রি আর দিনের মায়ায় জড়িয়ে থাকি শুধু তোমাতেই,

খুঁজে ফিরি তবুও তোমাকেই হয়ে উন্মাদনায় বিভোর!

সমস্ত চেতনার দুরন্তপনায় লণ্ডভণ্ড তছনছ হয় অন্তর!

https://lucysjourney.com/lucys-artistic-journey/

You may read beautiful Bengali poems by renowned Poets, click the link https://www.bangla-kobita.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *