“তোমারই খোঁজে আত্মহারা”
তুমি আমার সম্পূর্ণ অস্তিত্বের মাঝে বিরাজো!
তবুও তোমাকেই কেন খুঁজে ফিরি আমি –
অক্লান্ত দিশেহারা?
এদিক ওদিক এখানে সেখানে যেদিকেই তাকাই,
হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন কেবলই,
তোমারই খোঁজে আত্মহারা!
তুমি সত্যিই আছো তো আমার মাঝে?
অনুভবে অবিরত পাই, তবু্ও কেন –
না পাবার ব্যথা বুকে বাজে?
কেন প্রতিটি ক্ষণ আর প্রতিটি মুহুর্তের জালে,
আমি তোমাকেই পেতে,
উদগ্রীব রই মহাকালের ভালে!
প্রাণের পরশে জড়িয়ে আছো তুমি সদাই,
তবুও বারেবার আমি অন্তবিহীন সারাবেলা –
তোমারই বিরহে নিদারুণ তড়পাই!
আবার, হৃদয় গহীনে পাথরচাপা পরগাছাসম,
শুধুমাত্র তোমারই জন্যে আমি –
প্রেমের বহ্নিশিখা জ্বালিয়ে শূণ্যতায় হারাই!

তোমারই খোঁজে আত্মহারা – আমি তোমাতেই জুড়ে থাকি
তুমি, শুধু তুমিতেই জুড়ে থাকি আমি!
আমার সমস্তটাই আলোড়িত করো তুমি!
তোমার মায়াতেই কেবলই,
আমার এই জন্ম জন্মান্তরের বেলাভূমি!
আমাকে তুমি ছেড়ে যাও না কখনোই!
আমার অস্তিত্বের আন্দোলন হোক যতোই!
মেঘের তুমুল গর্জনের ভীড়েও,
তোমাকেই আমি খুঁজে পাই সদা সর্বত্রই!
তুমি ভরিয়ে রেখেছো এই প্রাণমন আমার!
নির্মল আলোর সুধারসে মাড়িয়ে আঁধার!
আমি তোমাতেই জুড়ে থাকি,
আকাশ নীলের আবীর হৃদয়ে মেখে বারবার!
আমার মাঝে তোমার প্রকাশে, আমি বিলীন!
তোমার রঙেরই ছোঁয়ায় প্রশান্তি অন্তবিহীন!
খেলাঘরে আমার এই তো প্রাপ্তি –
তুমি আছো আমাতে মিশে, অবিরাম রাত্রিদিন!
তোমাতে বিলীন আমি সারাবেলা!
অন্তরের মাঝে তার বাস, সেই তো অন্তর্যামী!
অতি ক্ষুদ্র প্রাণ আমি এক, আর সেই অন্তরে –
এক তুমিই রয়েছো জুড়ে,
নিয়ে সমস্ত চরাচর,
তোমার আবেশে জড়িয়ে পরিপূর্ণ এই অন্তর!
তোমাতেই তো সমগ্র সৃষ্টির ব্যাকুলতা!
তোমার সৃষ্টি মাঝে ধ্বনিত আমার যত কথা!
আমার অন্তরে নিশি দিন তাই,
অকপটে আর অবলীলায়,
তোমারই সৃষ্টি প্রতিধ্বনিত হয়, আপন মহিমায়!
অন্তরে আমি ধারণ করি তোমারই সৃষ্টি ঐশ্বর্য!
তোমার সৃষ্টির অধীরতায় পুড়ে আমারও চিত্ত!
তুমি অন্তর্যামী, আমার অন্তরে –
তোমারই বিশ্বালয় করে খেলা;
আমাতে তুমি, তোমাতে বিলীন আমি সারাবেলা!
সমর্পণের নেশায় নিত্য আত্মহারা!
তুমিই কারণ, আমি পেয়েছি এক অনন্য জীবন!
তারই ধারাবাহিকতায় –
আমি আজও করছি ভ্রমণ!
তোমাকে আর খুঁজি না আমি এই সংসার মাঝে,
পেয়েছি আমি যে তোমাকে –
আমার এই প্রাণেরই রাজ্যে!
এদিক ওদিক চারিদিকে আমার তুমিই বিরাজো!
অন্তর ব্যাপিয়া প্রতি পলে তুমিই,
তোমারই তরে আমার সমস্ত পুজো!
তোমার মাঝেই আমি দেখতে পাই সুন্দরের পশরা!
তুমি আছো তাই আমি,
সমর্পণের নেশায় নিত্য আত্মহারা!
ভোরের বাতাসে শিহরিত আমি স্পর্শ তোমার পাই!
পূবাকাশের ঐ আগমনী রঙেতে –
সঁপে দিয়ে প্রাণ, তোমাতেই হারাই!
রঙের ছটা খেলে যায় আমার, সমস্ত সত্ত্বা জুড়ে;
আমি তোমারই আলোকে,
সাজাই আমাকে, পৃথিবীর খেলাঘরে!
https://lucysjourney.com/a-journey-of-capturing-the-world/
You may read amazing Bengali Poems of the renowned Poets, click the link https://kobita.banglakosh.com/
