অকূল পাথারে ➡️
ছেড়ে দেওয়া যায় না নিজেকে কোনভাবেই!
পুরোপুরি বা আংশিক –
জীবনের সবটাই আপন গতিতেই সম্প্রসারিত,
কিংবা জীবনের খেলাঘরে আপনিই কুণ্ঠিত!
জীবন খাতার পৃষ্ঠাগুলো
যখন খুব বেশী এলোমেলো,
যখন বাস্তবতার নিষ্ঠুর আঘাতে প্রাণের ভেতর
নিরন্তর অস্থির ধুকপুকানি –
আপন ইশারাতেই তখন জীবনের পথচলা;
বোধের জাগরণে হয়তো বা এমনটিরই প্রয়োজন!

অকূল পাথারে ➡️ https://lucysjourney.com/category/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
সম্পূর্ণ অস্তিত্ব যখন বেসামাল নড়বড়ে,
সবকিছুই যখন কেবলই বাশের সাঁকোর মতো
ঝুলন্ত আর ঝুঁকিপূর্ণ,
তবু্ও জীবন সাজিয়ে রাখে নিজেকে,
জীবনের রঙ বুনে;
নিজেকে গন্ডির মাঝে আবদ্ধ রাখার জন্যে ,
বুঝি বা এমনটিরও প্রয়োজন!

আমি ভেসে চলি সুবিশাল আকাশের নীলে,
উড়ে চলি আমি উন্মুক্ত নদীর মোহনায়,
আমি বাস্তবতার কারাগারে ছটফটিয়ে শৃঙখলিত,
ভীষণ দহনের জ্বালায় আমি নগন্য, অসহায়!
অক্টোপাসের ঝাপটা কি ভীষণ নিদারুণভাবে,
আঁকড়ে ধরতে পারে সজোরে; আর
প্রচন্ড সেই ঝাপটার মাঝেই আমি পালিত!
মাকড়সার জাল অতি দুর্বল, তবু্ও
কতো সুনিপুণভাবে সেই জালের বিস্তার;
সেই ক্ষণিকের জালেই আমি লালিত!
দু’টোর মাঝেই রয়েছে ভীষণ রকমের প্যাঁচঃ-
একটি শুনতে ভয়ংকর –
যা কিছু ধরে, তার বিনাশ করে ছাড়ে;
আর অন্যটি যদিও নিজের জন্যেই জাল বুনে,
বাস্তবে সে বড় বেশীই দুর্বল!
পার্থিবতার মাঝেই সৃষ্টি আর বিনাশ –
কতো সহজেই জীবনের ভীড়ে জাগায় তিয়াস!
অথচ জীবনের করুণ আর্তনাদে,
নেশাঘোরে জীবন বারবার পড়ে ফাঁদে!
তারই মাঝে কৃপাধন্য প্রাণের শেকড়ে,
তুমি আমি সে এবং সকলেই –
বেঁচে আছি পরস্পরের প্রাণ স্পর্শ করে!
You may read beautiful Bengali Poems or renowned Poets here ➡️ https://www.bangla-kobita.com/
