সম্পূর্ণ করতে পারতাম যদি!
নিজেকে সম্পূর্ণ করতে পারতাম যদি!
যদি প্রাণের অগোচরে গাইতো প্রাণ পাখি!
সপ্তসুরের আনন্দে যদি ভরে দিতে পারতাম –
গোধুলীর ঐ সোনাঝরা আকাশের লালিমা!
অন্তর ব্যাপিয়া উথাল পাথাল সমুদ্রের যে ঢেউ,
পারতাম যদি তাকে নিমেষেই স্তব্ধ করে দিতে!
চোখের মনির গভীরে উথলায় যে আর্তনাদ,
যদি ছুড়ে ফেলে দিতে পারতাম কৃষ্ণ গহ্বরে!
একাকীত্বের যন্ত্রণাকে যদি তীরের ফলায়,
ছিন্ন বিচ্ছিন্ন উধাও করে দিতে যদি পারতাম!

সম্পূর্ণ মানুষের বেশে, রাঙিয়ে দিতাম পৃথিবী!
নীল আকাশের অন্তহীনতায় গাইতো প্রাণ পাখি!
সুর আর ছন্দের তালে নেচে উঠতো আকাশ!
চারিধারে প্রস্ফুটিত দোলনচাঁপার সুবাস!
অন্তর মাঝে বয়ে যেতো সুখপ্রদ আনন্দধারা!
সুখের ঝিলিকে চোখের ভাষা হতো পাগলপারা!
আর আমি সমগ্রের চেতনায় এঁকে দিয়ে রংধনু –
তোমারই রঙের ছোঁয়ায় হতাম নিমগ্ন আত্মহারা!
অনিমেষ মায়ার বন্ধন!
এতোটুকুই তো জীবন!
তবু্ও দুর্বোধ্য ভীষণ!
জীবনের পরতে পরতে,
অনিমেষ মায়ার বন্ধন!
খেলাঘরের মোহ মায়ায় জড়িয়ে প্রাণ,
তোমার-আমার প্রেমের –
তাই অকালে বোধন!
আমি খুঁজে ফিরি অনন্তর তৃষ্ণার জল,
তুমি দাও তাতে প্রেমের অনল;
তুমি চেয়ে দেখো উজ্জ্বল সন্ধ্যাতারা,
আমার আকাশ তখন –
আঁধারের ছায়ে দিশেহারা!
প্রাণের আধার পূর্ণ সম্প্রীতির অনুরাগে,
নেশাঘোরে তবু্ও হৃদয় পুড়ে খাক,
কী ভীষণ পরিতাপে!
জীবন যেন এক শূণ্য হাহাকার!
মায়ায় মোহ জাল, তবুও
নিটোল প্রেমেরই কারবার!
এতোটুকুর মাঝে যে জীবন,
তার লাগি কতশত আয়োজন!
তবু্ও জীবন, জীবনের অভেদ্য সংযোজন!
সম্পূর্ণ করতে পারতাম যদি! অসংখ্য স্বপ্নের ধারক হয়ে!
কেন্দ্রের বিন্দুতে আছি বসে ঠায়,
অসংখ্য স্বপ্নের ধারক হয়ে!
ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলো,
কেন্দ্রের দূরত্ব রেখে ঘুরছে!
সহসাই স্বপ্ন পূরণের নেশায় জানি,
আমিও হবো উদগ্রীব অধীর;
চারপাশের সমস্ত স্বপ্নের রঙে –
কেন্দ্রের বিন্দুতে স্বপ্ন আবীর!
মুহুর্তের জালে যদিও অস্থির,
অপরিমিত বিশ্বাসে প্রচুরতা!
কালো মেঘের কিনারে সূক্ষ্ম রেখা,
আলোর ইশারায় আশার বারতা!
স্বপ্ন আঁখি ঝলমল করে চকিতেই,
ভাবিত নয় প্রাণ অজানা ভয়ে!
সুন্দরের মাঝে আরো সুন্দর স্বরূপে,
স্বপ্নতরী ভিড়বে, কেন্দ্রের বিন্দুতে!
You may ready beautiful Bengali poems by renowned poets, click the link https://www.bangla-kobita.com/
